গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ধর্ষকসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। কিন্তু সে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় উজ্জ্বল বিশ্বাসের পরিকল্পনায় অপর আসামী কল্পনা বিশ্বাস পিঠা বানানোর লোভ দিয়ে ঘটনার শিকার কিশোরীকে ডেকে ঘরে নিয়ে যায়।
এসময় আসামী উজ্জ্বল বিশ্বাস জোর করে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষিতার মা অনিতা টিকাদার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে তদন্ত ও স্বাক্ষ্য প্রদান শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও একলক্ষ টাকা এবং অপর আসামী কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার মো. তৌফিকুল ইসলাম বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট এবং এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কদরে আলম খান বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চআদালতে আপিল করবেন।



