ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর | চ্যানেল আই অনলাইন

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর | চ্যানেল আই অনলাইন

‘ভুয়া’ তথ্য দিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংস্থাটি জানায়, কর নথি অডিট-সংক্রান্ত কোনো তথ্য কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জানানো হয় না এবং এ ধরনের বিষয়ে অর্থ লেনদেনেরও কোনো সুযোগ নেই।

রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, সম্প্রতি এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কর নথি (ফাইল) অডিটে পড়েছে বলে দাবি করে বিভিন্ন ফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করছে এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে তা শুধুমাত্র আইনানুগ প্রক্রিয়ায় আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না।

সতর্কবার্তায় বলা হয়, কর-সংক্রান্ত যে কোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে, কিংবা বিকাশ, রকেট, নগদসহ কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

এনবিআর করদাতাদের পরামর্শ দিয়েছে, এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে।

একই সঙ্গে কোনো ব্যক্তি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করে কোনো আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Scroll to Top