নেইমার আজ কখন মাঠে নামবেন? | চ্যানেল আই অনলাইন

নেইমার আজ কখন মাঠে নামবেন? | চ্যানেল আই অনলাইন

চলতি বিশ্বকাপে এপর্যন্ত ৪ ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল। নেইমার মাঠে ছিলেন সবে ২০ মিনিট। তাকে শুরুর একাদশে বা ৯০ মিনিট মাঠে দেখার অপেক্ষা কাটেনি। এবার হয়তো এমন কিছুর দেখা মিলতে চলেছে। সেরা ষোলোতে নরওয়ের বিপক্ষে তাকে দেখা যেতে পারে শুরু থেকেই। সংবাদ সম্মেলনে কিছুটা ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপে রাউন্ড অব ষোলোতে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় মহারণ। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সেলেসাওরা। ম্যচের আগে নেইমারকে ঘিরে অনেক প্রশ্ন, আনচেলত্তি উত্তরও দিয়েছেন।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এদিন আর্লিং হালান্ডদের নরওয়েজিয়ান ভাইকিংসদের বিপক্ষে সবচেয়ে বেশি সময় মাঠে থাকতে পারেন। আনচেলত্তি বলেছেন, ‘নেইমার এবং ভিনিসিয়াস জুনিয়র একসাথে খেলতে পারবে, তারা একসাথেই খেলবেন।’

অবশ্য নেইমারের শুরুর একাদেশে থাকা নিয়ে আনচেলত্তি খুব বেশি খোলাসাও করেননি। একদিন আগে কেবল বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নেইমার এখন খেলতে পারে। যখন আমার মনে হবে দলের তাকে প্রয়োজন, তাকে মাঠে নামাব। হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারবে। তবে সে সন্তুষ্ট নয় (খেলতে না পেরে), কিন্তু তার আচরণ খুব ভালো। খুব ভালোভাবে অনুশীলন করছে।’

মাঠে বেশি সময় খেলতে না পারায় খুশি নন নেইমার এটা এখন স্পষ্ট। সেবিষয় কোচ আরও বলেছেন, ‘স্পষ্টতই সে খেলতে চায়। যেমন সবসময়ই চেয়ে এসেছে। মুখে বলে না আমি খেলতে চাই, কিন্তু ব্যাপারটা বেশ স্পষ্ট, এবং ইতিবাচক। বেঞ্চে বসে কোন খেলোয়াড়ই খুশি থাকতে পারে না।’

Scroll to Top