ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে স্পিকার প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে শোকবার্তা পৌঁছে দেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।
এর আগে তেহরানে পৌঁছে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে বলেও জানান। বৈঠকে বাংলাদেশ সফরের জন্য ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।
সফরের অংশ হিসেবে স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী দেশটিতে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। এছাড়া দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন স্পিকার।
পরে ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পিকার বাংলাদেশ-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।



