জাপানের বিপক্ষে নাটকীয় জয়ে ব্রাজিলকে বিশ্বকাপের শেষ ষোলোয় তোলার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচকদের জবাব দিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচের দাবি, ফুটবল কোচ হিসেবে তার চেয়ে বেশি অভিজ্ঞ ও যোগ্য একমাত্র কিংবদন্তি স্কটিশ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
জাতীয় দলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। তবে জাপানের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন অনেক সমালোচকও। পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই কোচের কৌশল ও অভিজ্ঞতার স্বীকৃতি দিতে বাধ্য হন তারা।
জাপানের বিপক্ষে ম্যাচে শুরুতে ১-০তে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরো সমতা ফেরানোর পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জিতে সম্ভাব্য বড় অঘটন এড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে সেলেসাওরা।
আগামী রোববার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে ব্রাজিলের সংবাদপত্রে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘ইতালিতে একটি কথা প্রচলিত আছে- সব পুরুষই কোচ হতে চায়, আর সব নারী স্থপতি হতে চায়। আমি ফুটবল বুঝি কি না, সেটা নিয়ে কেউ আমাকে বিচার করতে পারে না।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমি ১ হাজার ৪০০টির বেশি ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ফুটবল বোঝার জন্য এটি যথেষ্ট কি না জানি না, তবে অভিজ্ঞতার দিক থেকে এটি অবশ্যই অনেক বড় সংখ্যা।’
এরপরই ফার্গুসনের প্রসঙ্গ টেনে আনেন আনচেলত্তি। তিনি বলেছেন, ‘আমার চেয়ে বেশি ম্যাচের প্রস্তুতি নিয়েছেন মাত্র একজন নিয়েছেন, তিনি হলেন অ্যালেক্স ফার্গুসন। ২ হাজারের বেশি ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছেন। আমি সবার পরামর্শ শুনি, কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ আমাকে পরামর্শ দেয়ার যোগ্য হন, তিনি অ্যালেক্স ফার্গুসন।’
নিজেকে নিয়ে আনচেলত্তির মূল্যায়নও ছিল আত্মবিশ্বাসী। তার ভাষায়, ‘আমি শতভাগ নিশ্চিত যে আমি কোন জিনিয়াস নই। তবে একই সঙ্গে শতভাগ নিশ্চিত যে আমি কোনো বোকাও নই।’
রোববার ব্রাজিল-নরওয়ে ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচের মধ্যে জয়ী দলের সঙ্গে।


