দেশীয় চলচ্চিত্রে গেল বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমাগুলোর একটি ছিল ‘বরবাদ’। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নির্মাণে এবং সুপারস্টার শাকিব খানের অভিনয়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য পায়।
শাকিব ভক্তদের জন্য এলো নতুন সুখবর- আবারও এক হচ্ছে ‘বরবাদ’ টিম।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নতুন একটি সিনেমার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
‘বরবাদ’ মুক্তির পর থেকেই শাকিব ভক্তদের বড় একটি প্রত্যাশা ছিল, একই নির্মাতার পরিচালনায় আবারও প্রিয় তারকাকে নতুন গল্পে দেখার। এ নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জনও ছড়িয়েছিল চলচ্চিত্রপাড়ায়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন এই প্রজেক্টে একসঙ্গে পথচলার ঘোষণা দিলেন নির্মাতা ও নায়ক।
যদিও নতুন সিনেমাটির নাম কিংবা গল্প এখনই প্রকাশ করা হয়নি, তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, এটি একটি বড় পরিসরের অ্যাকশন থ্রিলার সিনেমা। তিনি বলেন, “বৃহস্পতিবার শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে। আমরা আবারও শাকিব খানকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই।”
সংশ্লিষ্টদের ভাষ্য, আগের সিনেমার মতো এবারও নির্মাণ, অ্যাকশন এবং উপস্থাপনায় থাকবে নতুনত্ব। দর্শকদের জন্য বড় পরিসরের চমক নিয়েই কাজ শুরু করতে যাচ্ছে পুরো টিম।
শোনা যাচ্ছে, নতুন এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য করেই নির্মাণ করা হচ্ছে। যদিও মুক্তির দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ‘বরবাদ’-এর সাফল্যের পর নতুন এই প্রজেক্ট ঘিরে দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই তুঙ্গে!



