রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত | চ্যানেল আই অনলাইন

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত | চ্যানেল আই অনলাইন

পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাতে সদর উপজেলার দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং উত্তর কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের মেয়ে ও নিহত শবদুলের স্ত্রী আশা খাতুন (২৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুদিন আগে শবদুল প্রামাণিক উত্তর কুচিয়ামোড়া গ্রামে তার শশুর বাড়িতে বেড়াতে আসেন। শশুর বাড়ির একটি পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার কাজ চলছিল। এজন্য একটি বাঁশের সাহায্যে নেওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়লে পুকুরের পানি বিদ্যুতায়িত হলেও কেউ বুঝতে পারেনি। শবদুল ও তার স্ত্রীসহ অন্য কয়েকজন মঙ্গলবার রাত ৮টার দিকে ওই পুুকরে মাছ ধরতে গেলে তারা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে পুকুর পাড়ে টেনে তোলার কিছুক্ষণের মধ্যেই শবদুল ও তার স্ত্রী আশা মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Scroll to Top