ইতিমধ্যে অনেকটা পথ পেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপ। গ্রুপপর্ব শেষে নকআউট রাউন্ড গড়িয়েছে। মহাযজ্ঞ ঘিরে এমনিতে উম্মাদনার কমতি নেই, বাঁচো না হয় মরো রাউন্ড এসে পারদ আরও চড়িয়েছে। যারা দর্শক-পাঠকদের সামনে বিশ্বকাপ উন্মাদনার খবর নিয়ে হাজির হন, সেই ক্রীড়া সাংবাদিকদের বিশ্লেষণের পারদও চড়ছে। প্রথম রাউন্ডের খেরোখাতায় দলগুলোর শক্তি-দুর্বলতার হিসাব কষে চ্যানেল আইয়ের বিশ্বকাপ টিম অনুমান করেছে কে ছুটছে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন মুকুটের পথে।
চ্যানেল আইয়ের বিশ্বকাপ টিমে কাজ করছেন ৩৫ জন। এরমধ্যে রয়েছেন টেলিভিশন, অনলাইন, মাল্টিমিডিয়া সাংবাদিক, রেডিও ভূমির টিমসহ ক্রীড়া বিশ্লেষক। বিশ্লেষণে আছেন বাংলাদেশ দলের তিনজন সাবেক ফুটবলার। প্রথম রাউন্ড শেষে ভোটে তিন জনের কাছে তিন নাম পাওয়া গেছে। তবে পুরো টিমের ভোটিং শেষে টপ-হট ফেভারিট হিসেবে পাওয়া গেছে ফ্রান্সের নাম।
বিশ্বকাপ টিমে কাজ করা এই বিশাল বহরের মধ্যে আগে সর্বোচ্চ ১৩ জন দ্বিতীয় বিশ্বকাপ দেখেছিলেন লামিন ইয়ামালদের স্পেনের ঘরে। শতাংশের হিসেবে যা ৩৭.১৪ ছিল। প্রথম রাউন্ড শেষে সেই হিসেব পাল্টে গেছে। এবারের ভোট শেষে স্পেনের অবস্থান চারে। তাদের ভোট কমেছে ১০টি, পেয়েছে মাত্র ৩ ভোট, যা মাত্র ৮.৫৭ শতাংশ।
বিশ্বকাপ গড়ানোর আগে দ্বিতীয় স্থান পাওয়া ফ্রান্সকে প্রথম রাউন্ড শেষে বেশিরভাগই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রাখছেন। এই রাউন্ডে ফ্রান্স ভোট পেয়েছে সবার চেয়ে বেশি ১৩টি, যা শতাংশের হিসেবে ৩৭.১৪। বিশ্বকাপের আগে কাইলিয়ান এমবাপেদের ভোট দিয়েছিলেন ৭ জন, যা ২০ শতাংশ।
এ পর্বের ভোটের শেষে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, সেই কথা বলছেন আরও বেশিজন। এবারের ভোটে দলটির ঝুলিতে ভোট বেড়েছে ৩টি, মোট ৮ ভোট পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শতাংশের হিসেবে যা ২২.৮৬।
প্রথম রাউন্ড শেষে আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে সেই বিশ্বাস বেড়েছে একজনের। আগেরবার ৬ জন আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হবে বলার পর এবার একজন বেড়েছে। অর্থাৎ, বর্তমান চ্যাম্পিয়নরা ভোট পেয়েছে ৭টি, যা ব্রাজিলের পর ২০ শতাংশ।
তলানির দিকের শেষ দুটি দলের নাম নেদারল্যান্ডস ও পর্তুগাল। ডাচরা ভোট পেয়েছে ২টি, শতাংশের হিসেবে ৫.৭১। আগেরবার তারা মাত্র একটি ভোট পেয়েছিল। আগেরবার ক্রিস্টিয়ানো রোনালদোদের পক্ষে ৩টি ভোট পড়লেও এবার কমে হয়েছে সবে একটি। তাদের জয়ের সম্ভাবনা মাত্র ২.৮৬ শতাংশ।
আর চ্যানেল আই বিশ্বকাপ টিমের একজন সদস্য এখনও বিশ্লেষণ করে চলেছেন দলগুলোকে, যিনি এখনও চ্যাম্পিয়নের সম্ভাব্যতার দৌড়ে নিজের ভাবনা প্রস্তুত করতে পারেননি!



