বগুড়ার সোনাতলা উপজেলায় আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রী ও দুই সন্তান ও ভায়রার মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২২ দিন ধরে এই চারজন নিখোঁজ রয়েছেন।
সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর মোছা. বিপাশা খাতুন (২৭), মোছা. জিবা খাতুন (৯), মো. রোহান (২) ও সুমি খাতুন (১৫) নামের চারজনের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
নিখোঁজদের বিষয়ে জিডিতে শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। নিখোঁজ নারী নিশিতা খাতুনের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি। তার পরনে ছিল বোরকা ও সাদা রঙের প্রিন্টের পোশাক। শিশুসন্তানদেরও আলাদা বর্ণনা দেওয়া হয়েছে।
জিডিতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, পাশের এলাকায় ভাইরার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। ওই বাড়িতে আমার স্ত্রী কয়েকদিন থাকার কথা জানায়। পরে বিকালে বাজারে জামা-কাপড় কেনার কথা বলে নিজেদের সন্তান ও ভাইয়ার সন্তান নিয়ে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। আমরা বেশ কয়েকদিন আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়ে তাদের না পেয়ে থানায় জিডি করি।
এ ঘটনায় সোনাতলা থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। তাদের সন্ধানে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।




