ফাইনালে যাওয়ার আগে যেসব দলের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে

ফাইনালে যাওয়ার আগে যেসব দলের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ বত্রিশে কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রতিপক্ষ জাপান। তবে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে হলে সেলেসাওদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন সব চ্যালেঞ্জ।

ফাইনালে যাওয়ার আগে যেসব দলের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে

জাপানকে হারাতে পারলে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে। আরলিং হালান্ডের নেতৃত্বে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে ইউরোপের দলটি। বিশ্বকাপে দুই দলের একমাত্র পূর্বের সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের গ্রুপ পর্বে, যেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল নরওয়ে।

তবে শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের রেকর্ড দারুণ। এই পর্বে খেলা ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে সেলেসাওরা। টানা সর্বশেষ আটটি শেষ ষোলোর ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

শেষ আটে উঠলে ব্রাজিলের সবচেয়ে কঠিন পরীক্ষার নাম হতে পারে ইংল্যান্ড। অপটা সুপার কম্পিউটারের পূর্বাভাসে শিরোপার অন্যতম দাবিদার ইংলিশরা। যদিও পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলে। দুই দলের সর্বশেষ ১২ সাক্ষাতে ব্রাজিল হেরেছে মাত্র একবার; জিতেছে পাঁচটি ম্যাচ, আর ছয়টি হয়েছে ড্র।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেও ব্রাজিলের রেকর্ড উজ্জ্বল। চারবারের দেখায় কখনো হারেনি সেলেসাওরা। বরং টানা শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। সর্বশেষ ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোনালদিনিয়োর স্মরণীয় ফ্রি-কিকে ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল।

কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের নকআউট পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটি হতে পারে মাত্র দ্বিতীয় লড়াই। এর আগে ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ১-০ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।

অবশ্য বিশ্বকাপের সেমিফাইনালেও ব্রাজিলের ইতিহাস বেশ সমৃদ্ধ। সর্বশেষ সাতটি সেমিফাইনালের মধ্যে ছয়টিতেই জয় পেয়ে ফাইনালে উঠেছে তারা। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের তিক্ত স্মৃতি পেছনে ফেলে এবার আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে সেলেসাও সমর্থকেরা।

ফাইনালে উঠতে পারলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। অপটা সুপার কম্পিউটারের হিসেবে টুর্নামেন্টের সবচেয়ে বড় শিরোপাপ্রত্যাশী দল স্পেন। তবে বিশ্বকাপে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয় তাদের।

তবে ইতিহাস এখানেও ব্রাজিলের পক্ষেই। দুই দলের ১০ মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে পাঁচটিতে, স্পেনের জয় মাত্র দুটি। আর বিশ্বকাপে স্পেনের বিপক্ষে শেষ চার দেখায় অপরাজিত রয়েছে সেলেসাওরা—জিতেছে তিনটি ম্যাচ, একটি হয়েছে ড্র।

Scroll to Top