আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান | চ্যানেল আই অনলাইন

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান | চ্যানেল আই অনলাইন

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ড্রয়ের পর ড্রেসিংরুমে একটি  হাতে লেখা চিঠি রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। বার্তাটিতে তারা ফুটবলে ন্যায্যতা, সম্মান ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেছে, ‘ফেয়ার প্লে শুধু ফুটবলের নিয়মের একটি ধারা নয়, এটি এই খেলার আত্মা।’

শুক্রবার সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইরান। ম্যাচের শুরুতেই মাহমুদ সাবেরের গোলে পিছিয়ে পড়লেও পরে সমতায় ফেরে আমির ঘালেনোয়ির দল। ইনজুরি সময়ে শোজা খলিলজাদেহ গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পর্যালোচনায় অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

এই ড্রয়ের ফলে ইরান গ্রুপে বেলজিয়াম ও মিশরের পর তৃতীয় স্থানে রয়েছে। অপটার পরিসংখ্যান অনুযায়ী, অপরাজিত ইরানের শেষ ষোলো নয়, বরং ৩২ দলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা বর্তমানে ৮৬.২৩ শতাংশ। সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে তাদের পরের পর্বে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে রেখে যাওয়া বার্তায় ইরান লিখেছে, ‘আমরা ইরান থেকে এসেছি- একটি এমন দেশ থেকে, যেখানে হাজার বছরের ইতিহাসে বিজয়ের চেয়েও সম্মানকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের কাছে ফুটবল শুধু ফলাফলের লড়াই নয়, এটি চরিত্রেরও পরীক্ষা। পয়েন্ট বিভিন্নভাবে অর্জন করা যায়, কিন্তু সম্মান অর্জন করা যায় শুধু ন্যায্যতা ও সততার মাধ্যমে।’

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান | চ্যানেল আই অনলাইন

বার্তার শেষে সিয়াটলের আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখা হয়, ‘ইরান, সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।’

এর আগে ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরও ড্রেসিংরুমে একই ধরনের একটি বার্তা রেখে যায় ইরান। সেই বার্তায় প্রাচীন পারস্যের ঐতিহ্য, শান্তি, পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক বন্ধুত্বের আহ্বান জানানো হয়। পাশাপাশি চলমান সংঘাতে নিহত মানুষের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, মিশরের বিপক্ষে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় আসে। আন্তর্জাতিক পরিস্থিতির এই প্রেক্ষাপটে ইরান দলের বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

Scroll to Top