
ঢাকা, ২৭ জুন – পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষাপটে সার, জ্বালানি এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক। মূলত দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সংকটের মুখে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের লক্ষ্যেই এই বিশাল অঙ্কের ঋণ অনুমোদন করেছে সংস্থাটির পরিচালনা পর্ষদ।
শুক্রবার (২৬ জুন) বিশ্ব ব্যাংকের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের জন্য এই অর্থ ব্যয় করা হবে।
প্রথমত, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্প এর অধীনে ৩০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে মূলত আসন্ন আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানি করা হবে, যা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।
দ্বিতীয়ত, জরুরি সাড়াদান প্রকল্প এর আওতায় ৭১ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেওয়া হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সংকটে থাকা নিম্ন আয়ের পরিবার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা। এর মাধ্যমে অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং সাধারণ মানুষের আয় সচল রাখার চেষ্টা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানির পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই তহবিল থেকে মেটানো হবে।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের সম্পূর্ণ অর্থ আগামী বুধবারের মধ্যে ছাড় করা হবে।
এনএন/ ২৭ জুন ২০২৬





