বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনি | চ্যানেল আই অনলাইন

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনি | চ্যানেল আই অনলাইন

গ্রুপপর্বে শেষ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০তে হারিয়েছে ব্রাজিল। বিশ্বকাপে দ্যুতি ছড়াচ্ছেন ভিনি। গ্রুপপর্বে টানা তিন ম্যাচে গোল করেছেন। আসরে চার গোলের আর্লিং হালান্ড এবং কাইলিয়ান এমবাপের সঙ্গে যৌথ দ্বিতীয় স্থানে আছেন। ম্যাচ শেষে তার খেলায় মুগ্ধতার কথা আলাদা করেই বললেন কোচ কার্লো আনচেলেত্তি।

গ্রুপ সি’র শেষ রাউন্ডে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন ভিনিসিয়াস। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে তৃতীয় মিনিটে দ্বিতীয় গোলটি করেন। বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে তৃতীয় গোলটি করেন ম্যাথিয়াস কুনহা। এদিন প্রায় তিন বছর পর ব্রাজিল জার্সিতে ফিরেছেন নেইমার। ৭৬ মিনিটে কুনহার বদলি হয়ে নামেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের পর আনচেলত্তি বলেছেন, ‘ভিনি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে এবং দল তাকে অনেক সাহায্য করছে। সে ভেতরের দিকে এবং উইং, উভয় দিকেই বিভিন্ন পজিশনে খেলতে পারে। ভিনিসিয়াসকে এভাবে দেখতে খুব ভালো লাগছে।’

‘সে যে এই পর্যায়ে পৌঁছাতে পারবে, সে বিষয়ে আমার কোন সন্দেহ ছিল না। আমি ভিনিকে আবিষ্কার করিনি, সে একজন শীর্ষস্তরের খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা।’

তবে শুধু একক খেলোয়াড় নয়, পুর দল নিয়ে খুশি আনচেলত্তি। বলেছেন, ‘আমরা এখন দল হিসেবে খেলছি, এটাই লক্ষ্য ছিল। আমরা নিখুঁত নই, আমাদের কিছু বিষয়ে উন্নতি করতে হবে। আমি খুশি, কারণ উদ্বোধনী ম্যাচের পর থেকে দলের উন্নতি হয়েছে। যেহেতু আমরা নকআউট পর্বে পৌঁছে গেছি, এখন দৃঢ় থাকাটা খুব জরুরি।’

গন্তব্য মনে রেখে আপাতত জেতার লক্ষ্যে আগানোর কথা বললেন ইতালিয়ান কোচ, ‘আমরা কতদূর যেতে পারব তার জন্য কোন লক্ষ্য নির্ধারণ করিনি। লক্ষ্য শুধু ভালো খেলা নয়, লক্ষ্য হল জেতা। একজন ম্যানেজারকে তার জয় বা পরাজয় দিয়ে বিচার করা হয়, দল ভালো বা খারাপ খেলছে কিনা তা দিয়ে নয়।’

Scroll to Top