ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’! | চ্যানেল আই অনলাইন

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’! | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ বিশ্বকাপে খেলে না, কিন্তু বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি হয় এখানেই! ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই শিবিরে বিভক্ত দেশের কোটি সমর্থক, পতাকার দখলযুদ্ধ, তর্ক-বিতর্ক আর আবেগের বিস্ফোরণ।

এবারও হচ্ছে না ব্যতিক্রম। খেলার মাঠটা হয়তো আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়, কিন্তু উত্তাপটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়।

বিশ্বকাপের মাঠে ম্যাচ শুরুর আগেই বাংলাদেশে শুরু হয়ে যায় সমর্থকদের আবেগ, তর্ক আর উন্মাদনার আরেক বিশ্বকাপ সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে আইস্ক্রিনের সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’।

এটি নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী। প্রতি এপিসোড ২৫ মিনিট করে আট পর্বের এই সিরিজটি আগামী ৩০ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে।

তারিক মুহাম্মাদ হাসান বলেন, ওয়ার্ল্ডকাপ উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় মজার মজার যে কাণ্ড ঘটে তাই দেখানো হয়েছে এতে। খুব সাধারণ গল্পগুলো আমরা মজা করে তুলে এনেছি। দর্শকরা ৩০ জুন আইস্ক্রিনে ‘ব্রাজেন্টিনা ক্লাব’ দেখতে পাবেন।

এই সিরিজের মাধ্যমে প্রথমবার অভিনয় করলেন ফুটবলার জামাই ভূঁইয়া। তাকে নেয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ফুটবল বা ক্রিকেট নিয়ে অনেক আগে থেকে ফিকশন বানিয়েছি। ক্রিকেটার আশরাফুল, জাহানারা, সাবেক ফুটবলার আমিনুল সবাইকে নিয়ে কাজ করেছি। আমার এবারের গল্পে দর্শক যেন অন্যরকম ফ্লেভার পায় এজন্যই জামাল ভূঁইয়া। তাছাড়া সে দেশ ও বিদেশের দর্শকদের কাছে পরিচিত। এজন্য তাকে রেখেছি।

প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জামাল ভূঁইয়া জানান, এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।

পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা।

Scroll to Top