বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে চোট পুনর্বাসনে খেলতে পারেননি ব্রাজিলের অন্যতম ভরসা নেইমার জুনিয়র। দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে ড্র করে এখনও নকআউটে যাওয়ার লড়াই করছে সেলেসাওরা। এ পর্যায়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে। ম্যাচে নেইমারকে পাওয়া যাবে, জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
২৫ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ব্রাজিলের ম্যাচ। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, হাইভোল্টেজ ম্যাচটি যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে (হার্ড রক স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি নেইমারের অবস্থা নিয়ে বলেছেন, ‘নেইমার এখন প্রস্তুত আছে, এই সপ্তাহে সে অনুশীলন করেছে এবং ফিট আছে। তার খেলার মতো অবস্থা আছে এবং খেলার জন্যও প্রস্তুত। আমরা খুবই খুশি যে সে ফিরেছে। একজন উচ্চমানসম্পন্ন খেলোয়াড়।’
‘নেইমার অর্ধেক সময় বা পুরো ৯০ মিনিটই খেলতে পারে। সে খুব ভালো অবস্থায় আছে এবং কঠোর পরিশ্রম করেছে। তাই তাকে প্রস্তুতও বলা যায়।’
‘তার মনোভাব খুবই ভালো এবং বেশ ফুরফুরে মেজাজে আছে। এমন একজন ভালো খেলোয়াড় যে সতীর্থদের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ। আমরা তাকে যতদ্রুত সম্ভব আবার খেলায় ফিরিয়ে আনতে চাই। তার অভিজ্ঞতা ও জ্ঞান দারুণ, দারুণ পারফর্ম করছে।’



