চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি এলাকায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে কুড়ালগাছি রাইসা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে সেটি পানিভর্তি একটি বালতিতে ডুবিয়ে রাখা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্যজীবী সমিতির সদস্যরা মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে লাল টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দর্শনা থানা পুলিশ বস্তুটি জব্দ করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। উদ্ধার করা বস্তুটির গায়ে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। এটি কী ধরনের বস্তু এবং কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।



