দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। একযোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে গ্রাহকদের পাশাপাশি সাধারণ মানুষও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বুধবার (২৪ জুন) রাজধানীর মিরপুর মাজার রোডে অবস্থিত ওয়ালটন প্লাজায় ফিতা কেটে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্ট’-এর আওতায় গ্রাহকদের জন্য বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) উদ্বোধন করেন। এই নম্বরে কল করে ওয়ালটন প্লাজার গ্রাহকরা সার্বক্ষণিক বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।
মেডিক্যাল ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাহকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প তারই একটি অংশ।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় ইতোমধ্যে দেড় হাজারের বেশি গ্রাহক ও তাদের পরিবারকে তিন কোটিরও বেশি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের জন্য বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বীমা প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সুরক্ষা কার্ডধারীদের জন্য স্বাস্থ্যসেবা, মূল্যছাড় এবং বিশেষ ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগও রাখা হয়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন প্লাজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের ওয়ালটন প্লাজার প্রতিনিধিরা অনলাইনে কর্মসূচিতে যুক্ত হন।




