শিক্ষার্থীদের ভিসা নিয়ে যে ‘খারাপ খবর’ দিল যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

শিক্ষার্থীদের ভিসা নিয়ে যে ‘খারাপ খবর’ দিল যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) ব্যবস্থা বাতিলের পথে এগোচ্ছে দেশটির প্রশাসন। এ সংক্রান্ত একটি চূড়ান্ত বিধিমালাকে অনুমোদন দিয়েছে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি), ফলে শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

নতুন বিধিমালা কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আর পড়াশোনা চলাকালীন অনির্দিষ্ট মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন না। এর পরিবর্তে এফ-১ ভিসাধারীদের জন্য সর্বোচ্চ চার বছরের নির্দিষ্ট অবস্থানসীমা নির্ধারণ করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিল। প্রস্তাব অনুযায়ী, চার বছরের অনুমোদিত মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের পুনরায় ডিএইচএস-এর কাছে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।

প্রস্তাবিত বিধিমালায় শুধু শিক্ষার্থীরাই নন, জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ভিসাধারী এবং আই ভিসায় কর্মরত বিদেশি সংবাদমাধ্যমকর্মীদের ক্ষেত্রেও নির্দিষ্ট মেয়াদের অবস্থানসীমা নির্ধারণের কথা বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক, বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা ও অবস্থানসংক্রান্ত প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে অবস্থান নবায়নের অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়া ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

তবে নতুন বিধিমালা কবে থেকে কার্যকর হবে এবং এর আওতায় বর্তমানে অবস্থানরত শিক্ষার্থীরা পড়বেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার আওতায় তাদের শিক্ষাক্রম ও অনুমোদিত প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত বৈধভাবে অবস্থান করতে পারেন। নতুন নিয়ম চালু হলে সেই ব্যবস্থার অবসান ঘটবে।

Scroll to Top