এবারের বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপপর্বে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই ডানপায়ের শটে দুর্দান্ত গোল করেন মহাতারকা। পরে গোলের ব্যবধান বাড়ান নুনো মেন্ডেস। ৩৯ মিনিটে রোনালদোর আরেকটি গোলে ৩-০তে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল।
ম্যাচে পর্তুগালের প্রথম সুযোগ আসে ব্রুনো ফের্নান্দেজের কাছে দ্বিতীয় মিনিটে, সুযোগ হাতছাড়া করে বারের বাইরে দিয়ে মারেন এ মিডফিল্ডার। পরের মিনিটে সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু বারের বাইরে দিয়ে মারেন। কিন্তু ষষ্ঠ মিনিটে আর ভুল করেননি রোনালদো, জোয়াও ক্যানসেলোর অ্যাসিস্টে এবারের বিশ্বকাপের প্রথম গোল পেয়ে যান মহাতারকা।
উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোল পাওয়ার পর ফিফা বিশ্বকাপের ইতিহাসে আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন রোনালদো। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন ৪১ বর্ষী মহাতারকা। একই সাথে আরেকটি রেকর্ড গড়েছেন সিরআর সেভেন। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলস্কোরারও তিনি হয়েছেন।
রোনালদো আরেকটি বড় মাইলফলকের মালিক হয়েছেন। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওকে ছুঁয়ে ফেলেছেন। বর্তমানে উভয়েরই গোল সংখ্যা নয়টি করে।
১৫ মিনিটের সময় উজবেকিস্তানের বক্সের কাছে পেদ্রো নেতোকে ফেলে দিলে ফাউল পায় পর্তুগাল। সেখান থেকে বেশ খানিকটা সময় নিয়ে রোনালদোর শট নেয়ার ভঙ্গি করে শট নেন নুনো মেন্ডেস। দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় পর্তুগাল, ২-০তে এগিয়ে যায় দলটি।

ম্যাচে ২৯ মিনিটে দুর্দান্ত এক গোল করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজন গানিয়েভ। জোয়াও ক্যানসেলোর থেকে বল কেড়ে নিয়ে ২৫ গজ আগে থেকে দুর্দান্ত শটে গোল করেন এ ফরোয়ার্ড। তবে ক্যানসেলোকে ফাউল করায় গোলটি বাতিল করা হয়।
আবারও রেকর্ডের মালিক হন রোনালদো, ৩৯ মিনিটে ফের্নান্দেজের পাসে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এ গোলের মাধ্যমে দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হলেন রোনালদো। ছাড়িয়ে গেলেন স্বদেশিয় কিংবদন্তি ইউসেবিওকে। বিশ্বকাপে রোনালদোর গোলের সংখ্যা এখন দশটি।
প্রথমার্ধে উজবেকিস্তান আরও একটি আশা জাগালেও গোল করতে পারেনি। পর্তুগালও কিছু সুযোগ তৈরির চেষ্টায় ছিল, বিরতির ঠিক আগের মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি রোনালদো। পরে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল।





