
ঢাকা, ২৩ জুন – রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের পত্রিকার রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,
মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন ওই এলাকায় একটি মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মীর সঙ্গে উপস্থিত সাংবাদিকদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াত কর্মীরা শিশিরের ওপর চড়াও হন।
তারা শিশিরের কলার চেপে ধরে ঘুষি মারেন এবং একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে তাকে লাথিও মারা হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। আহত সাংবাদিক শিশির ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রশ্ন তুলে জামায়াতের এই আচরণের তীব্র সমালোচনা করেন।
ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এই বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ তারা সমর্থন করেন না।
ঘটনার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো বহিরাগত এই ঘটনায় জড়িত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এস এম/ ২৩ জুন ২০২৬






