‘কথিত স্বামী’ বলা হচ্ছে, এটা টোটালি ফেইক। শুরুতে এসব আমার গায়ে লাগে নাই। কিন্তু আমার তো ফ্যামিলি আছে! তারা দেশের বাইরে থাকে। তাদের খুব খারাপ লাগছে। তারা তো বোঝে না যা কিছু নিউজে আসে আসলে তা সবকিছু সত্য নয়।
ক্ষোভ ঝেড়ে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা ববি। দুদিন আগে মির্জা আবুল বাশার নামের একজনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে গুলশান থানার পুলিশ। এরপর থেকে রটানো হয়েছে ওই ব্যক্তি চিত্রনায়িকা ববির স্বামী।
এমন খবর ছড়ানোয় ববি বলেন,“সাংবাদিকতা মহান একটি পেশা। কিন্তু কতিপয় মানুষ এই পেশার নৈতিকতা ভুলে ছোট স্থানে নিয়ে যাচ্ছে। এতে করে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে।”
এর প্রেক্ষিতে সোমবার (২২ জুন) বিকেলে এফডিসিতে চিত্রনায়িকা ববি চ্যানেল আই অনলাইনকে বলেন, সে আমার স্বামী, কেউ যদি প্রমাণ করতে পারে সে যা চাইবে তাই দেব। ওই কোম্পানির সাথে আমার অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। যতটুকু ছিল কাজের সম্পর্ক। কোনো অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে চেয়ার ছেড়ে দেয়। সেই ছবিগুলো ব্যবহার করে মিথ্যাভাবে কিছু খবর ছড়ানো হয়েছে। এটা সম্পূর্ণ ফেইক।
ববি বলেন, ওই ব্যক্তি আমার স্বামী এমন নিউজ দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে। তাকে বারবার বোঝাতে হচ্ছে এগুলো ফেইক। বন্ধু বা বয়ফ্রেন্ড না বলে স্বামী কেন বলছে এটা আমারও প্রশ্ন। কাজের বাইরে আমাকে নিয়ে ভাইরাল হওয়ার মতো নিউজ নেই। ওই ব্যক্তির নিউজ হয়তো সেভাবে লাইমলাইট হতো না, তাছাড়া সে আমার সিনেমার আংশিক প্রযোজক ছিল এজন্যই হয়তো নিউজগুলো ছড়ানোর জন্য এটা কেউ কেউ করেছে।
কথা প্রসঙ্গে হিরো দ্য সুপারস্টার, বিজলী, ফুল এন্ড ফাইনাল ছবির নায়িকা ববি জানান, তিনি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে অংশ নিচ্ছেন।
বললেন, দশ বছর আগে ব্যস্ত থাকাকালীন একবার শাকিব-মিশা প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলাম। সেই চিন্তা করে ভাবলাম যদি শিল্পীদের পাশে থাকা যায়, তাদের জন্য এখন কিছু করা যায় এজন্য নির্বাচনে অংশ নিচ্ছি।
ছবি: নাহিয়ান ইমন



