
তেহরান, ২২ জুন – লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি বিশেষ চিঠি রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকো যাওয়ার পথে ইরানি দলের এমন পদক্ষেপ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মূলত নিজেদের হাজার বছরের ইতিহাস এবং ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বার্তার অবতারণা করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ম্যাচ শেষ করেই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানি দলকে। এর আগে তারা সোফি স্টেডিয়ামের লকার রুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায় যার ছবি পরবর্তীতে প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। চিঠিতে উল্লেখ করা হয় যে হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত তাদের চেতনা অটুট রয়েছে।
লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে তারা উল্লেখ করে যে তারা গর্ব নিয়ে এসেছিল এবং মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছে। চিঠিটিতে ১৮০ মিনিট ধরে সমর্থন দেওয়া ইরানি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি ও বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে।
বিশেষভাবে লাল কালিতে ৭৬৮ এবং মিনাব শব্দ দুটি ব্যবহারের মাধ্যমে একটি ঐতিহাসিক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। রাজনৈতিক বৈরিতার কারণে ইরানি দলকে টুর্নামেন্টের সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি না দিয়ে মেক্সিকোর তিজুয়ানায় বেসক্যাম্প করতে বাধ্য করা হয়।
বিশ্বকাপের জি গ্রুপের ম্যাচে গতকাল রাতে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ইরান। ইউরোপীয় জায়ান্টদের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে বেলজিয়ামকে রুখে দেন।
এই ড্রয়ের ফলে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে তারা। বর্তমানে পয়েন্ট টেবিলের লড়াইয়ে নিউজিল্যান্ড ও মিসরের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ইরানের।
এস এম/ ২২ জুন ২০২৬






