বিশ্বকাপ অভিষেকটা রাঙানো হয়নি লামিন ইয়ামালের। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন বার্সেলোনা তারকা। দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ছিলেন শুরুর একাদশেই। আর স্পেনের প্রথম গোলটিও আসে ১৮ বর্ষী তারকার পা থেকে। তাতেই নাম লেখান ব্রাজিল কিংবদন্তি পেলের মতো এক কীর্তিতে।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সৌদি আরবকে ৪-০ গোলে হারায় স্পেন। এইচ গ্রুপের ম্যাচটিতে ইয়ামালের এক গোলের পাশাপাশি স্পেনের হয়ে জোড়া গোল করেন মিকেল ওয়েরজাবাল। অন্য গোলটি আসে নিজেদের জালে বল জড়ান সৌদি আরব ডিফেন্ডার হাসান তাম্বাক্তি।
ম্যাচের ১০ মিনিটে স্পেনকে লিড এনে দেন ইয়ামাল। ওয়েরজাবালের পাস থেকে বল পেয়ে সৌদি জালে বল পাঠান তিনি। তাতে নাম লেখান, বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম গোল করা ১৮ বছর বা তার কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে। প্রথম এই কীর্তিটি গড়েছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে, ১৯৫৮ সালে ১৭ বছর বয়সে।



