পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারের পর গ্রুপ পর্বে নিজেদের ম্যাচে তৃতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে প্রথম ইনিংসে খুব বেশি সুবিধা করতে পারেনি টিম টাইগ্রেস। শুরুতে ব্যাটে নেমে পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সাউদাম্পটনে শনিবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রানের সংগ্রহ গড়ে ঋতু-শারমিনরা।

১৩ রানে তিন টপ অর্ডারকে হারিয়ে ভালোই বিপদে পড়ে বাংলাদেশের মেয়েরা। দিলারা আক্তার ৫, জুয়াইরিয়া ফেরদৌস ৭ ও শারমিন আক্তার ফেরেন শূন্য রানে। পরে অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি উইকেট ধরে খেলার চেষ্টা করেন। তাদের ধীর গতির ব্যাটিংয়ে শেষপর্যন্ত অলআউট না হলেও স্কোরবোর্ডে খুব বেশি রান আসেনি।

জ্যোতির ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৬ রান এবং ১৯ বলে ২২ রান করে ফেরেন মোস্তারি। তবে ১৭৭ স্ট্রাইক রেটে স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংসে ভর করে শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২৩ রানের পুঁজি পায় লাল-সবুজ দল। ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন স্বর্ণা। ৪ বলে ৪ রান করে তার সঙ্গে অপরাজিত থাকেন রাবেয়া খান।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ফাতিমা সানা। এছাড়া সাদিয়া ইকবাল, তাসমিয়া রুবাব, নাশরা সান্ধু ও তুবা হাসান নেন একটি করে উইকেট।

Scroll to Top