চেক প্রজাতন্ত্র ১–১ দক্ষিণ আফ্রিকা
প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হার। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে। তখন ভাবনাটা কী হতে পারে? ড্র করে অন্তত এক পয়েন্ট যদি তুলে নেওয়া যায়! এ হিসাবে আটলান্টা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা দলের মুখটা ম্যাচ শেষে উজ্জ্বল হওয়ার কথা।
চেক প্রজাতন্ত্রের অবস্থা একটু অন্য রকম। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আগে গোল করেও হারতে হয়েছিল। এ ম্যাচেও আগে গোল করে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করতে হলো! নির্ধারিত সময় শেষ হওয়ার আট মিনিট আগেও চেকদের মুঠোয় ছিল ৩ পয়েন্ট। কিন্তু ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করায় দুটি পয়েন্ট ফসকে যায়! কালোমুখেই তাই পাত্রিক শিকদের মাঠ ছাড়ার কথা।


