পারস্য উপসাগরে যুদ্ধ শেষ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। এ খবরে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায়েছে চার হাজার ৩৩৮ দশমিক ৫১ ডলারে। এর মাধ্যমে গত সপ্তাহে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে যাওয়া স্বর্ণের দাম এবার প্রায় ৮ শতাংশের মতো ঘুরে দাঁড়াল। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ জুন) জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে এবং আগামী শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিক স্বাক্ষরের পর চুক্তির খসড়া প্রকাশ করা হবে। তিনি আরও নিশ্চিত করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও পুরোপুরি খুলে দেওয়া হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ফলে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার যে ভয় ছিল, তা কেটে যাচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্টা।
বাজারে সুদের হার বাড়ার সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে, যা স্বর্ণের দাম বাড়াতে সাহায্য করছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, আগামী ডিসেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেড’ কর্তৃক সুদের হার বাড়ানোর আশঙ্কা ৭০ শতাংশ থেকে কমে ৫৮ শতাংশে নেমে এসেছে। (সাধারণত সুদের হার বেশি থাকলে মানুষ স্বর্ণ জমা না রেখে ব্যাংকে বা লাভজনক জায়গায় টাকা খাটাতে পছন্দ করে)।
চলতি সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের একটি বড় বৈঠক রয়েছে। নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের অধীনে এটিই প্রথম সিদ্ধান্ত হতে যাচ্ছে। ফেড যদি সুদের হার কমানো বা নমনীয় নীতি অনুসরণের কোনো ইঙ্গিত দেয়, তবে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।



