
তেহরান, ১৬ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপের আসরে গোল করার পর অভিনব এক উদযাপন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইরানের মিডফিল্ডার মোহাম্মদ মোহেবি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করার পর তার বন্দুক চালানোর ভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত জি গ্রুপের এই ম্যাচে ইরান দুবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচে নিউ জিল্যান্ডের পক্ষে দুটি গোলই করেন ইলাইজাহ জাস্ট। অন্যদিকে ইরানের হয়ে লক্ষ্যভেদ করেন রামিন রেজাইয়ান এবং মোহাম্মদ মোহেবি।
খেলার ৬৪ মিনিটে রেজাইয়ানের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান মোহেবি। তবে গোলের পর তার আঙুল দিয়ে বন্দুক তাক করার মতো ভঙ্গি মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। অনেক ফুটবল প্রেমী এই উদযাপনকে রাজনৈতিক বার্তা হিসেবে অভিহিত করেছেন।
কেউ কেউ একে যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রতীকী প্রতিবাদ হিসেবেও দেখছেন। এরই মধ্যে অনেকে ফিফার কাছে এই ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ম্যাচটি শুরুর আগে থেকেই রাজনৈতিক আবহে বেশ উত্তপ্ত ছিল।
ভিসা জটিলতা থেকে শুরু করে দলের বেস ক্যাম্প পরিবর্তন পর্যন্ত নানা ইস্যুতে আলোচনায় ছিল ইরান দল। ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরেও ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যে কারণে নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কঠোর। মাঠের লড়াইয়েও দেখা গেছে টানটান উত্তেজনা।
খেলার সপ্তম মিনিটে জাস্টের গোলে এগিয়ে যায় কিউইরা। তবে ৩২ মিনিটে রেজাইয়ানের গোলে ইরান ম্যাচে ফেরে। বিরতির পর জাস্ট পুনরায় নিউ জিল্যান্ডকে এগিয়ে দিলেও মোহেবির গোলেই শেষ পর্যন্ত সমতায় ফেরে ইরান। এই ড্রয়ের ফলে গ্রুপে গোল ব্যবধানে নিউ জিল্যান্ড শীর্ষে এবং ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এস এম/ ১৬ জুন ২০২৬






