
ঢাকা, ১৩ জুন – দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো হাফিজুর রহমানের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী কয়েক দিনের পূর্বাভাস অনুযায়ী রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
১৫ ও ১৬ জুন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৭ জুন নাগাদ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এই কয়েক দিন তাপমাত্রার সামান্য তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।
মেঘের গর্জন এবং বৃষ্টির এই প্রবণতা বর্ষার আগাম বার্তার জানান দিচ্ছে সারা দেশে।
এনএন/ ১৩ জুন ২০২৬






