অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ছিল ২০০৫ সালে, কার্ডিফে। এরপর অপেক্ষা ২১ বছরের, ১৫ ওয়ানডে খেলেও জয়ের মুখ দেখা হয়নি। মিরপুরে অপেক্ষার অবসান হয়েছে মোসাদ্দেক হোসেনে রাজসিক প্রত্যাবর্তনে। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারানোর পর টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। লক্ষ্য এবার অজিদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে।
দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক ব্যাটে অপরাজিত ৮৬ রানের পর, বল হাতে নিয়েছেন ২ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। পরে সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক। জানান, অজিদের বিপক্ষে জয়টি তার কাছে ঐতিহাসিকই বটে।
বলেছেন, ‘অবশ্যই, ঐতিহাসিক জয়। আমি বলব খুব ভালো সুযোগ আছে আমাদের সামনে সিরিজটা জেতার। আমরা যদি আমাদের প্রক্রিয়ার মধ্যে থাকতে পারি অবশ্যই সম্ভব। আমি থেকে শুরু করে আমাদের সবার ওই বিশ্বাসটা করতে হবে।’
‘আন্তর্জাতিক ক্রিকেট তো কখনোই আপনার জন্য সহজ হবে না। পরিস্থিতিগুলো যখন আসবে তখন তো চাপ থাকবেই। অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে যখন খেলবেন, ওরা সবসময় অর্গানাইজ থাকে ওরা ওদের প্রক্রিয়া থেকে বের হতে চায় না। আমাদের প্রক্রিয়াটাও ঠিকঠাক ছিল শুধুমাত্র ২০টা রান কম করেছি।’-যোগ করেন তিনি।
লম্বা সময় পর দলে ফেরা মোসাদ্দেক কৃতজ্ঞতা জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের প্রতি, তার প্রতি আস্থা রেখেছেন তারা। বলেছেন, ‘প্রথমে টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। উনারা আমাকে যেভাবে ব্যাক করেছে, খেলা শুরুর আগে যেভাবে স্বাধীনতা দিয়েছে… আমাকে শুধু বলা হয়েছে আমার খেলাটা উপভোগ করতে। সবার কাছে এটা বলব সবাই দোয়া করবেন আমি যেন এটা চালিয়ে নিতে পারি।’




