নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে গুলি | চ্যানেল আই অনলাইন

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে গুলি | চ্যানেল আই অনলাইন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ফারুক হোসেন নামের এক যুবককে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি করেছে একদল দুর্বৃত্ত।

আজ (৯ জুন) মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে ছিলেন ফারুক হোসেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন যুবক সেখানে এসে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। ফারুক বাধা দিলে এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে অপহরণকারীরা তাকে সিএনজিতে তুলতে ব্যর্থ হয়।

একপর্যায়ে মুখোশধারী দুর্বৃত্তদের একজন ফারুককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।

এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Scroll to Top