২০২৫ সালের তুলনায় বিএনপি সরকারের সময়ে দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে সেই রিপোর্টটা সামনে নেই। আমরা মাসভিত্তিতে অপরাধের একটা স্টেটমেন্ট করে থাকি। তবে সরকার নিয়মিতভাবে ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের মাসিক ও বার্ষিক পরিসংখ্যান সংরক্ষণ ও বিশ্লেষণ করে থাকে।
তিনি আরও বলেন, আমাদের তো বছর পূর্ণ হয়নি, তিন মাস হয়েছে। আমরা আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করি। কয়েকদিন আগে একটি পরিসংখ্যান আমার কাছে এসেছিল। সেখানে দেখেছি, ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্রে আমরা অনেক বেশি উন্নতি করেছি। প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধ কমেছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি মাসিক হিসাব করা হয়, তাহলে ২০২৫ সাল কিংবা ২০২৪ সালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনাই চলে না। অপরাধের হার অনেক কমেছে। তবে টিআইবির প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, টিআইবি পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে রিপোর্ট করে। তারা কোনো তদন্ত করে না। প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে বক্তব্য দেয় না।
তিনি দাবি করেন, সরকারের কাছে থাকা পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যই সবচেয়ে নির্ভরযোগ্য। জেলা পর্যায় থেকে নিয়মিতভাবে আমরা এসব তথ্য সংগ্রহ করি। এটি আমাদের রুটিন কাজ এবং এটিই প্রকৃত তথ্য।



