
ঢাকা, ৮ জুন – নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুসারে ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আবেদুর রহমান সিকদারকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে।
নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কাজী শায়রুল হাসান এর আগে সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য যে আমানতকারীদের অর্থ সুরক্ষায় পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক যথাক্রমে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে এই নতুন ব্যাংকটি গঠন করা হয়েছে।
৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই মূলধনের ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করেছে এবং অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে।
এনএন/ ৮ জুন ২০২৬





