মার্কিন নিরস্ত্রীকরণ তৎপরতাকে ‘সেকেলে স্বপ্ন’ বললেন কিম ইয়ো জং – DesheBideshe

মার্কিন নিরস্ত্রীকরণ তৎপরতাকে ‘সেকেলে স্বপ্ন’ বললেন কিম ইয়ো জং – DesheBideshe


মার্কিন নিরস্ত্রীকরণ তৎপরতাকে ‘সেকেলে স্বপ্ন’ বললেন কিম ইয়ো জং – DesheBideshe

পিয়ং ইয়ং, ৭ জুন – উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। ওয়াশিংটনের এই তৎপরতাকে সেকেলে স্বপ্ন হিসেবে অভিহিত করে তিনি জানিয়েছেন, মার্কিন হুমকির মুখে পিয়ং ইয়ং তাদের পারমাণবিক অস্ত্রাগার আরও সমৃদ্ধ করবে।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের উত্তর কোরিয়া সফরের ঠিক আগমুহূর্তে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কিম ইয়ো জং এসব মন্তব্য করেন।

সাত বছরের মধ্যে প্রথম চীনা প্রেসিডেন্ট হিসেবে সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিন পিং। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে কিম জং উনের সঙ্গে তার বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

কিম ইয়ো জং আরও বলেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার মর্যাদাকে খর্ব করার অধিকার কারও নেই এবং যুক্তরাষ্ট্রের একতরফা বাগাড়ম্বরে তারা দায়বদ্ধ নন। তিনি গত মাসে বেইজিং শীর্ষ সম্মেলনে নিরস্ত্রীকরণ নিয়ে ছড়ানো তথ্যকে ভুল তথ্য হিসেবে অভিহিত করেছেন।

২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর থেকে উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের বদলে সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। কিম জং উন সম্প্রতি পারমাণবিক সামগ্রী উৎপাদনের নতুন একটি কারখানা পরিদর্শন করেছেন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা আড়াই গুণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা জোরদার করার সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা নিঃশর্তভাবে কার্যকর করা হবে।

বিশ্লেষকদের মতে, শি জিন পিংয়ের এই সফরের লক্ষ্য উত্তর কোরিয়ার ওপর বেইজিংয়ের প্রভাব বজায় রাখা, বিশেষ করে যখন পিয়ং ইয়ংয়ের সঙ্গে রাশিয়ার সখ্য বাড়ছে।

এনএন/ ৭ জুন ২০২৬



Scroll to Top