মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানে ভারতে এসেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে মারিয়া মান্দা-আফঈদা- ঋতুপর্ণারা। আগের দুই আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে এবার ভারত চ্যালেঞ্জ। জিতলেই ইতিহাস গড়বে পিটার জেমস বাটলারের দল।
ভারিতের সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার মাঠে গড়াবে ফাইনাল মহারণ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় শুরু হবে ম্যাচ।
আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। পরের ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হারালেও সেমিফাইনালে নেপালের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে চলে দুদলের কথার লড়াই। বাংলাদেশের কোচ বাটলার অবশ্য বলেছেন তিনি প্রতিপক্ষকে সম্মান করেন। তবে মেয়েরা তাদের সেরাটা দিতে পারলে ভারত থেকে হ্যাটট্রিক শিরোপা নিয়ে ফিরতে পারবেন বলে আশা তার।
বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা অবশ্য সরাসরি বলে দিয়েছেন তিনি কোনো ছাড় দিতে চান না, ‘আমরা সবাই জানি যে ভারত অনেক ভালো দল। আমরা ওদের সাথে ফাইট করবো এবং তাদের ছাড় দিয়ে কথা বলব না।’
ভারতের অধিনায়ক সঙ্গীতা ভসফোরের কণ্ঠেও একই কথা শোনা গেছে। তিনি বলেছেন দীর্ঘদিন পর ভারতকে শিরোপা উপহার দিতে চান, ‘আগামীকাল বাবাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচ এবং দল অত্যন্ত অনুপ্রাণিত। বাংলাদেশের বিপক্ষে ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত।’
তবে বাংলাদেশের বিপক্ষে ফাইনালের জন্য কিছুটা সাবধানী ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী। সংবাদ সম্মেলনে ছেত্রী বলেন, ‘এই ম্যাচটিকে গ্রুপপর্বের সাথে তুলনা করতে পারি না। বাংলাদেশ আমাদের শক্তির জায়গা এবং দুর্বলতাগুলো জানে, ঠিক যেমনটি আমরাও জানি। সুতরাং, আমি মনে করি আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করেছি।’
ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশের ডিফেন্স ছিল পুরোই এলোমেলো। ডিফেন্সের একের পর এক ভুল শেষপর্যন্ত ৩-০ গোলের বড় হার দেখায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে ভারত আবার সেমিফাইনালে ভুটানের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় তুলে ফাইনালে উঠেছিল।
বাংলাদেশ সাফের আসরে ফাইনালে উঠেলেও সময়টা ভালো যাচ্ছে না। ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও দলগত পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছে। নেপালের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন ডিফেন্ডার শিউলি আজিমের মা হঠাৎ মারা যাওয়ায় অনুশীলন বাতিল করে লাল-সবুজের প্রতিনিধিরা। পরে সেমিফাইনালে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ে সাগরিকা-শামসুন্নাহাররা। শুক্রবার আবার দলের টেকনিক্যাল অংশের অনুশীলনের সময় এক বহিরাগত যুবক ঢুকে পড়ায় অনুশীলনে কিছুটা বিঘ্ন ঘটে।
দুপুরে আইটিসি হোটেল, গোয়াতে সাফের আয়োজনে অফিশিয়াল ফটোসেশান হয় যেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা ও কোচ পিটার জেমস বাটলার। ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী ও অধিনায়ক সঙ্গীতা ভসফোর অংশগ্রহণ করেন। শনিবার সন্ধ্যায় জানা যাবে কার হাতে উঠতে চলেছে কাঙ্ক্ষিত সেই শিরোপা।




