রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণ হতে পারে।
আজ (৬ জুন) শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। এর আগে শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে চলমান গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।



