সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ | চ্যানেল আই অনলাইন

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবনসহ আশেপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৫ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি । শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে শুরু হয়ে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় শনিবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।

উল্লেখ্য, বোরবার বেলা ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।

Scroll to Top