ইউরোপের মাটিতে স্বাগতিক কোন দেশের বিপক্ষে প্রথমবার খেলার অপেক্ষায় বাংলাদেশ। সেই দলটা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সান মারিনো। ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ২১১এ। সেদিক থেকে বাংলাদেশ ৩০ ধাপ এগিয়ে ১৮১তে থাকলেও নিজেদের আন্ডারডগই ভাবছেন নতুন কোচ থমাস ডুলি। এজন্য অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডুলি বলেছেন, ‘র্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে থাকাটা বাস্তবে তাদের আসল অবস্থার প্রতিফলন নয়। খেলোয়াড়দের এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে, আমরা র্যাঙ্কিংয়ে ২০-৩০ ধাপ এগিয়ে থাকলেও এখানে এক অর্থে আমরাই আন্ডারডগ। কারণ, বিশ্বের অন্যান্য নিচের দিকের দলগুলো যে ধরনের দলের সাথে খেলার সুযোগ পায়, তারা তা পায় না। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তাদের জার্মানি এবং ওই মানের বড় দলগুলোর বিপক্ষে খেলতে হয়, যাদের বিপক্ষে আমরাও খেলতে চাইব না।’
‘সত্যি বলতে, যদি এখান থেকে এক পয়েন্টও অর্জন করতে পারি, খুশি হবো। তাই ব্যাপারটা শুধু র্যাঙ্কিংয়ের নয়। পরিসংখ্যান বা ডেটা সবসময় খেলার আসল চিত্র তুলে ধরে না। এখান থেকে একটি ভালো ফলাফল বের করে আনাটা আমাদের জন্য দারুণকিছু হবে এবং আমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকব। র্যাঙ্কিংয়ের একেবারে তলানির কোন দলের বিপক্ষে খেলছি, বিষয়টা এমন নয়। আমরা একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলছি, যাদের প্রায় শীর্ষ ১০০-এর মধ্যে থাকা দলগুলোর বিপক্ষেও ভালো খেলার রেকর্ড রয়েছে। এটি আসলে অনেক বড় একটি ব্যাপার।’
এই ম্যাচটি বাংলাদেশ ফুটবলের মাত্র তৃতীয় ঘটনা, যেখানে কোন ইউরোপীয় দলের সঙ্গে লড়াইয়ে নামবে লাল-সবুজরা। আগে ২০০১ সালে ভারতের সাহারা কাপে ইউরোপের দলের সঙ্গে শেষবার খেলেছিল বাংলাদেশ। সেবার যুগোস্লাভিয়ার কাছে ৪-১, বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ২-০ ব্যবধানে হেরেছিল।


