ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া | চ্যানেল আই অনলাইন

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া | চ্যানেল আই অনলাইন

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ। পুরো আসরে এলোমেলো খেলেছিল লাল-সবুজের দল। তবে ফাইনালে সাবধান থাকবেন বলে শোনালেন বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা।

গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে থেকে টিম বাসে উঠার সময় মিক্সড জোনে সাংবাদিকদের সাথে কথা বলেন মারিয়া। সেখানে তিনি জানান, ভুলগুলো শুধরে নেয়ার কথা।

বলেছেন, ‘আমাদের যে ভুলগুলো ছিল সময় এসেছে শুধরে নেয়ার, আরও ভালো করার। আসলে আমরা নেপালের বিপক্ষে ফাইট করেছি। কোচ যেভাবে যে পজিশনে দিয়েছেন বা অবস্থা বুঝে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তো সেটার জন্য আসলে খেলার ফলাফল ভালো হয়েছে।’

মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ রাখতে না পারা এবং গোল হজম করা সংক্রান্ত প্রশ্নের উত্তরে মারিয়া বলেন, ‘মিডফিল্ডে… হ্যাঁ, অনেক সময় সমস্যা থাকে। অনেক সময় আপনার খেলার পজিশনে ওরা যে ভালো খেলে তাদেরকে মার্ক করা হয়। ওইভাবেই আমাদের মধ্যেও ছিল, তারপরেও আমাদের সবার চেষ্টা ছিল যে আমাদের যে মুভমেন্টের মধ্যে থাকি, সেটার রেজাল্ট বের যেন হয়ে যায়। তো ওই মুভমেন্টেই আমরা খেলার চেষ্টা করেছি এবং খেলেছি।’

ফাইনালের আগে কোথায় উন্নতি দরকার এমন প্রশ্নে মারিয়ার উত্তর, ‘(হেসে) সেটা ভাইয়া আমাদের মধ্যে থাক, সবকিছু তো বলার মতো না। এটার প্রস্তুতি আমাদের মধ্যে থাকলে ভালো। কারণ এটা প্রকাশ করলে আপনার বিপক্ষরা জেনে যাবে।’

ড্রেসিং রুমের পরিবেশ কেমন জানতে চাইলে মারিয়া বলেন, ‘এতটা চাঙ্গা তো আমাদের হওয়ার এখনো কথা না। কারণ হলো আমাদের ফাইনাল ম্যাচ লক্ষ্য। তো আমরা আসলে সেই প্রস্তুতিটাই নেবো আর সবার দোয়ায় যেন আমরা খেলতে পারি।’

Scroll to Top