দিনাজপুরে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দিনাজপুরে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

শ্বশুরবাড়ি বেড়াতে এসে দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ডুবুরি দল তল্লাশি চালিয়ে প্রায় চার ঘণ্টা পর ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মে) সাদ্দাম হোসেন পরিবারসহ ঢাকা থেকে শ্বশুরবাড়ি চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে আসেন। আজ বুধবার (৩ জুন) সকালে সেখান থেকে দুই ভাই ও দুই ছেলেসহ চারজন লিচু কিনতে খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকার একটি লিচুবাগানে আসেন। ফেরার পথে কালিরবাজার ঘাটে চারজন একসঙ্গে নদীতে গোসলে নামেন। একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর সোয়া ২টায় মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৩টায় সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম প্রধান মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অপরজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top