জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের বেইমানি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জুলাই আন্দোলনের ১৪শ শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের সঙ্গে বেইমানি করা হলে তা মেনে নেওয়া হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
গতকাল মঙ্গলবার ২ জুন সৌদি আরবের মক্কায় মোবারক আল মাজেদ হোটেলের কনফারেন্স হলে মক্কা প্রাদেশিক খেলাফত মজলিস আয়োজিত হজ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, বর্তমান সরকার ভুল পথে পরিচালিত হচ্ছে। দেশ পরিচালনায় সব ধর্ম ও বর্ণের মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও অধিকার সমুন্নত রাখার যে আন্দোলন খেলাফত মজলিস শুরু করেছে, সরকারকে সে পথে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র গঠনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস থেকে প্রবাসীদের মনোনয়ন দেওয়া হবে, যাতে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীরা রাষ্ট্র পরিচালনাতেও অবদান রাখতে পারেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ আজিজ ও দেলোয়ার হুসাইন-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান, ময়মসিংহ ২ আসনের এমপি মাওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ, মাওলানা ইসমাইল, মাওলানা ওজিউল্লাহ, মুফতি এমরান হুসাইন, শায়েখ অলিউল্লাহ,মাওলানা আমিরুল্লাহ, জামাল সাত্তার, নুর মোহাম্মদ, নাসির উদ্দীন মনির, মাওলানা হেদায়েত উল্লাহ হাদি।
এ ছাড়া হেফাজতে ইসলাম-এর প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।




