
ঢাকা, ২ জুন – দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং এলপিজি ও এলএনজি খাতের অবকাঠামোগত উন্নয়নে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করেছে সরকার।
সোমবার (১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নয় সদস্যের এই কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।
এছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবরাও এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত এই উপকমিটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগ নিবিড়ভাবে পর্যালোচনা করবে। বিশেষ করে বিদেশ থেকে এলপিজি আমদানি প্রক্রিয়া, ভোলা জেলা থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ এবং স্থলভিত্তিক এলএনজি ও এলপিজি টার্মিনাল নির্মাণের বিষয়গুলো দ্রুত মূল্যায়ন করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
কমিটির প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা এবং খাত বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এমনকি কাজের পরিধি বিবেচনায় উপকমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও সংরক্ষণ করে।
কমিটির সাচিবিক ও প্রশাসনিক যাবতীয় দায়িত্ব পালন করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এনএন/ ২ জুন ২০২৬






