ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের লড়াই শেষে সেমিফাইনালের পালা, খেলা বুধবার। মঙ্গলবার প্রথম সেমির দুই প্রতিপক্ষ বাংলাদেশ-নেপালের অনুশীলন একই মাঠে ছিল, বাংলাদেশ অনুশীলনে আসেনি। নেপাল দুঘণ্টা পর অনুশীলনে আসে। সংবাদ মাধ্যমে কথা বলেছেন দলটির কোচ নবীন নিউপানি। বললেন, সাফ জেতাই মূল লক্ষ্য।
নেপাল কোচ নবীন নিউপানি। তার আরেকটি পরিচয়, ২০০৩ সালে বাংলাদেশ জাতীয় ছেলেদের দল যে সবশেষ সাফ জিতেছিল, ঢাকায় মালদ্বীপকে হারিয়ে, ওই আসরে নেপাল শক্তিশালী দল নিয়ে এসেছিল, সেই দলে খেলেছিলেন নবীন। তিনি এখন স্বদেশের মেয়েদের জাতীয় দলের কোচ।
নেপাল কোচ নবীন বাংলাদেশের সংবাদ মাধ্যমে বলেছেন, ‘প্রথমত, সকালেই শুনলাম যে বাংলাদেশের একজন খেলোয়াড়ের মা মারা গেছেন। তার প্রতি গভীর সমবেদনা, আন্তরিক সমবেদনা এবং তার আত্মার শান্তি কামনা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
‘দ্বিতীয়ত, আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা প্রস্তুত। আগেও বলেছিলাম, ভারত এবং বাংলাদেশ উভয়ই কঠিন দল। আমরা তাদের মধ্যকার ম্যাচটি দেখেছিলাম।’
নিজেদের লক্ষ্য নিয়ে নেপাল কোচ বললেন, ‘আমরা তাদের একটি ভালো চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য, প্রধান উদ্দেশ্য হল সাফ চ্যাম্পিয়নশিপ, কীভাবে এ চ্যাম্পিয়নশিপ জেতা যায়। এটাই আমাদের মূল লক্ষ্য। সেদিকে মনোযোগ দিচ্ছি। আমরা বাংলাদেশের সাথে অবশ্যই একটি ভালো লড়াই উপহার দেবো।’
আগের দুই ফাইনালে হার, এ ম্যাচকে প্রতিশোধ হিসেবে দেখছেন কিনা? নবীন বললেন, ‘এটা আসলে প্রতিশোধের মতো কিছু নয়, ফুটবলে কোন প্রতিশোধের জায়গা নেই। তবে এটা ঠিক, আমরা দুবার ফাইনালে হেরেছি।’
‘তাই এবার ভালো প্রস্তুতি নিয়েছি। সবচেয়ে বড় বিষয় হল, সব খেলোয়াড় ফিট এবং সুস্থ আছে, কোন চোট নেই। এটা দলের জন্য একটি ইতিবাচক দিক। অবশ্যই, বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচটি জেতার জন্য আমরা সেরাটা দেবো।’
পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল।





