স্কটল্যান্ড মেয়েদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

স্কটল্যান্ড মেয়েদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শুরুটা রাঙাতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হার দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। ডাচদের হারানোর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের বিপক্ষেও জয় পেল স্কটিস মেয়েরা।

এডিনবার্গে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৩৩ রান তোলে সফরকারী দল। জবাবে নেমে ১৫.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে স্কটল্যান্ড।

স্বাগতিক অধিনায়ক জয়ের পথে সর্বোচ্চ রান করেছেন। ৪টি চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ক্যাথেরিন ফ্রেজার ৩০ বলে ২৮, ডার্সে কার্টার ১৭ বলে ২৩ রান করেন। এছাড়া সারাহ ব্রেস ১৫ বলে ২৩ রান অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে স্বর্ণা আক্তার ও রিতু মনি একটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন জ্যোতি। ৫ চার ও এক ছক্কায় ৩৯ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন টাইগ্রেস অধিনায়ক। একটি করে চার ও ছক্কায় ১৫ বলে ২২ রান করেন স্বর্ণা আক্তার। ২ চারে ২২ বলে ২২ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস ১২, দিলারা আক্তার ১১ এবং সারমিন আক্তার ১০ রান করেন।

স্বাগতিক বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ক্যাথেরিন ব্রেস, গ্যাব্রিয়েলে ফোন্টেনলা, ক্রিস্টিয়ে গর্ডন ও আবতাহা মাসুদ।

Scroll to Top