স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে এই জাতির জন্য কাজ করার শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকেই পেয়েছি আমরা।
আজ ৩০ মে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা বিএনপি ঐক্যবদ্ধভাবে জাতির জন্য কাজ করার শিক্ষা তার কাছ থেকেই পেয়েছে। তিনি আমাদের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের কল্যাণে রাজনীতি করার পথ দেখিয়েছেন। আমরা সেই গণতান্ত্রিক পথ ধরেই এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের জন্য প্রাসঙ্গিক। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এদিন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





