ইমপ্রেসের দুই চমক: ওটিটিতে ‘সারার সংসার’, হলে ‘মাসুদ রানা’ | চ্যানেল আই অনলাইন

ইমপ্রেসের দুই চমক: ওটিটিতে ‘সারার সংসার’, হলে ‘মাসুদ রানা’ | চ্যানেল আই অনলাইন

বাংলা থ্রিলার সাহিত্যের কিংবদন্তী লেখক কাজী আনোয়ার হোসেন-এর সৃষ্টি এবার একসঙ্গে হাজির হচ্ছে দুই ভিন্ন মাধ্যমে। একদিকে ওটিটিতে মুক্তি পেয়েছে তার উপন্যাস অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’, অন্যদিকে ঈদে বড়পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’।

দুই কাজের ধরন ভিন্ন হলেও মিল রয়েছে দুটি জায়গায়- দুটিই কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গল্প থেকে নির্মিত এবং দুটির সঙ্গেই রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম-এর সম্পৃক্ততা।

এ যেন একই ঈদে দুই রূপে ফিরে আসা কাজী আনোয়ার হোসেনের গল্পের জগৎ! একদিকে পারিবারিক আবেগ ও মানসিক লড়াই, অন্যদিকে অ্যাকশন, রহস্য আর গুপ্তচরবৃত্তির দুনিয়া।

২৬ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ স্ট্রিমিং শুরু হয়েছে ‘সারার সংসার’। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন আকা রেজা গালিব। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘সারার সংসার’ শুধু থ্রিলার নয়, বরং একজন মায়ের কঠিন মানসিক সংগ্রাম, পারিবারিক টানাপোড়েন এবং একটি ভুলের ভয়াবহ পরিণতির গল্প। পোস্টারে ব্যবহার করা হয়েছে “একটি ভুল এবং মায়ের কঠিন লড়াই…” ট্যাগলাইনটি। ফলে শুরু থেকেই দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

অন্যদিকে ঈদের দিন (২৮ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় স্পাই চরিত্রগুলোর একটি মাসুদ রানা-কে এবার বড়পর্দায় জীবন্ত করতে চলেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী।

ষাটের দশকে জন্ম নেওয়া ‘মাসুদ রানা’ চরিত্রটি মূলত জেমস বন্ড-এর আদলে তৈরি হলেও সময়ের সঙ্গে বাংলা সাহিত্যে নিজস্ব পরিচয় তৈরি করে নেয়। চার শতাধিক বইয়ের এই সিরিজ বহু প্রজন্মের পাঠকের কাছে এখনো সমান জনপ্রিয়।

ছবির টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে আলোচনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’। বিশেষ করে নতুন মুখ রাসেল রানাকে নিয়ে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। কেউ বলছেন ‘কমপ্লিট প্যাকেজ হিরো’, আবার কেউ নিয়মিত সিনেমায় দেখতে চেয়েছেন তাকে।

Scroll to Top