
সিলেট, ২৬ মে – সিলেটে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টাও আবহাওয়া এমন বৈরী থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে মোট ১১১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ১২ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আরও ৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে গত ৩৬ ঘণ্টায় সিলেটে মোট ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রসহ ঝড় ও বজ্রপাতেরও প্রবল আশঙ্কা রয়েছে।
তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এনএন/ ২৬ মে ২০২৬






