ইন্টার মিয়ামির হয়ে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলতে রোববার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে পুরো ম্যাচ শেষ করতে পারেননি। ৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান তিনি। শুরুতে চোট নিয়ে শঙ্কা থাকলেও, ডাক্তারি পরীক্ষায় শঙ্কা নেই বলেই খবর।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো রোববার রাতে জানিয়েছেন, ‘বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলোতে লিওনেল মেসির অংশগ্রহণ নিয়ে কোন ঝুঁকি নেই। ডাক্তারি পরীক্ষায় কোন চোট পাওয়া যায়নি।’
মিয়ামির মাঠ নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে ইন্টার মিয়ামি ৬-৪ গোলের জয় পায়। দ্বিতীয়ার্ধে একটি ফ্রি কিক নেয়ার সময় বাম ঊরুতে অস্বস্তি বোধ করেন মেসি। ৭৩ মিনিটে মাঠ ছাড়ার জন্য বদলি চান, তাকে বসিয়ে মাতেও সিলভেত্তিকে নামানো হয়। যদিও মাঠ ছাড়ার সময় পথে মেসির কোন অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হয়নি।




