ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম – DesheBideshe

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম – DesheBideshe


ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম – DesheBideshe

ঢাকা, ২৪ মে – ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। তিনি অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে একই দিন বিকেলে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি ব্যাংকটির শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তাদের আন্দোলনের মুখে মো. খুরশীদ আলমকে ডেপুটি গভর্নরের পদ থেকে সরে যেতে হয়েছিল। সেই সময়ে তার সঙ্গে আরও একজন ডেপুটি গভর্নর পদত্যাগ করেছিলেন। বর্তমানে রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় তাকে ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হলো।

বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ইতোমধ্যেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

এছাড়া ব্যাংকের বিভিন্ন দাবি নিয়ে গ্রাহকদের একটি অংশ ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে রোববার নির্ধারিত পরিচালনা পর্ষদের সভাও স্থগিত করা হয়।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ নিয়েও গুঞ্জন রয়েছে। তবে ওমর ফারুক খান তার পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন।

এর আগে গত বছর ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর জুবায়দুর রহমান দায়িত্ব পেয়েছিলেন।

এনএন/ ২৪ মে ২০২৬



Scroll to Top