
ঠাকুরগাঁও, ২৩ মে – ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে সীমান্ত পাড়ি দিয়ে এসব গরু বাংলাদেশে আনা হচ্ছে এবং অত্যন্ত দ্রুততার সাথে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী সড়কে প্রায়ই ভারতীয় গরু বহনকারী ট্রাকের চলাচল লক্ষ্য করা যাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গরু পরিবহনের এই কার্যক্রম সক্রিয় থাকে। বালিয়াডাঙ্গীর রত্নাই সীমান্ত, আমজানখোর, ধনতলা এবং রানীশংকৈলের ধর্মগড় ও জগদ্দল সীমান্ত এলাকাকে গরু প্রবেশের প্রধান পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, কয়েকটি সক্রিয় চোরাচালান চক্র এসব পয়েন্ট ব্যবহার করে ভারত থেকে গরু নিয়ে আসছে।
স্থানীয় খামারিরা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কোরবানির ঈদের আগে বাজারে ভারতীয় গরুর আধিক্য দেখা দিলে দেশীয় খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। খামারিরা সারা বছর কষ্ট করে গরু পালন করলেও বিদেশি গরুর অনুপ্রবেশে পশুর দাম কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
সুশাসনের জন্য নাগরিক ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর পশুর বাজার স্থিতিশীল থাকলেও ভারতীয় গরুর অনুপ্রবেশ সেই পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।
তবে এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান কবির জানিয়েছেন, সীমান্তে কঠোর নজরদারি ও টহল অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগ নেই।
অন্যদিকে ভিডিও চিত্র দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ও বিজিবিকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেবেন।
এনএন/ ২৩ মে ২০২৬






