অ্যাপল তাদের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬–এর সময়সূচি ঘোষণা করেছে। প্রযুক্তিবিশ্বের অন্যতম আকর্ষণীয় এই সম্মেলনে সাধারণত আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল ওয়াচের জন্য নতুন সফটওয়্যার বা হালনাগাদ প্রযুক্তি প্রদর্শন করে থাকে অ্যাপল। আর তাই অ্যাপলপ্রেমীরা দীর্ঘদিন ধরে এই সম্মেলনের জন্য অপেক্ষা করে থাকেন। ৮ জুন থেকে চলা পাঁচ দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সরাসরি দেখা যাবে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, ৮ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দেবেন। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত ডেভেলপার ও শিক্ষার্থীরা সরাসরি অংশ নেবেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজন করা হবে ‘প্ল্যাটফর্মস স্টেট অব দ্য ইউনিয়ন’ শীর্ষক বিশেষ সেশন। অনুষ্ঠানে নতুন সফটওয়্যার, ডেভেলপার টুলস ও প্রযুক্তিগত বিভিন্ন পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বাজার বিশ্লেষকদের ধারণা, এ বছরের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। এ ছাড়া আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭, ম্যাকওএস ২৭, ওয়াচওএস ২৭, টিভিওএস ২৭ ও ভিশনওএস ২৭ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে পারে অ্যাপল।
সম্মেলনে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’নির্ভর আরও উন্নত সিরি এবং অ্যাপ নির্মাতা ও ডেভেলপারদের জন্য নতুন এআই–সুবিধা উন্মোচনেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপলের ওয়েবসাইটের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সেশনগুলো বিনা মূল্যে সরাসরি দেখা যাবে।
সূত্র: নিউজ১৮



